চট্টগ্রামে বাংলাদেশি পাসপোর্টসহ তিনজন রোহিঙ্গা গ্রেপ্তার
তুরস্কে যাওয়ার জন্য ভিসার আবেদন করতে ঢাকা যাওয়ার পথে বাংলাদেশি পাসপোর্ট বহনকারী তিন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।
গতকাল ৫ সেপ্টেম্বর রাতে চট্টগ্রামের সিডিএ এর এক নম্বর রোডের মীর সিএনজি স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মিয়ানামারের মংডু জেলার দুমবাই এলাকার আলী আহমদের ছেলে মো. ইউসুফ (২৩) ও মো. মুসা (২০) এবং মংডু জেলা চালিপাড়া এলাকার মো. জমির হোসেনের ছেলে মো. আজিজ (২১)। তিনজনই কক্সবাজার উখিয়া থাইংখালী হাকিমপাড়া ক্যাম্পে বসবাস করছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, সিডিএ এক নম্বর রোডে সন্দেহজনক গতিবিধি দেখে তিন যুবককে পুলিশ জিজ্ঞাসাবাদ করে।
এসময় তাদের কথাবার্তা সন্দেহ হলে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে যান। জিজ্ঞাসাবাদের পর তারা তিনজনই স্বীকার করেন যে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছেন এবং দালালের মাধ্যমে পাসপোর্ট করিয়েছেন।
একজন দালালের মাধ্যমে তারা নোয়াখালীর ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট করিয়েছেন। এরপর তারা তুরস্কের ভিসা আবেদনের জন্য ঢাকায় যাচ্ছিলেন।
ওসি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, গ্রেফতারকৃতের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়েছে।


No comments