অবৈধদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ বিমানের ১৬ টি বিশেষ ফ্লাইট সংযোজন
![]() |
| বিমান বাংলাদেশ এয়ারলাইনস, অভিবাসী কন্ঠ। |
তারিখঃ ০৫.১২.২০১৯, বৃহস্পতিবার।
মালয়েশিয়া সরকারের সাধারণ ক্ষমা কর্মসূচি "ব্যাক ফর গুড" এর মাধ্যমে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি শ্রমিকদের ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আজ (বৃহস্পতিবার) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীদের তাদের নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিলেও টিকেটের উচ্চ দাম ও আসন সংকটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছেন। সময়মতো ফ্লাইটের টিকেট না পাওয়ায় তারা এই সুযোগটা কাজে লাগিয়ে দেশে ফিরতেও হচ্ছে বিড়ম্বনার শিকার।মালয়েশিয়া সরকার ঘোষিত এ সুযোগ এ বছরের ৩১ ডিসেম্বর শেষ হবে। এই ডিসেম্বরে বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা টু মালয়েশিয়া রুটে তাদের নিয়মিত ফ্লাইটের পাশাপাশি অতিরিক্ত হিসেবে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রবাসী শ্রমিকদের ফিরিয়ে আনার জন্য বোয়িং 737 ও 787-8 দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনতে ও চলমান টিকেট সংকট মোকাবেলার উদ্দেশ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিমান বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে৷
বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, "জাতীয় পতাকাবাহী" সংস্থা হিসেবে দেশের মানুষের কল্যানের প্রতি বিমানের সবসময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও অসহায় অবৈধ প্রবাসীদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এইসব বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।""
বিমান সচিব জনাব মো. মহিবুল হক বলেন, আমরা আমাদের প্রবাসী ভাইদের সাহায্য করতে পেরে আমরা আনন্দিত। দেশ ও দেশের মানুষের স্বার্থে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দফতর সংস্থাগুলো সর্বদা প্রস্তুত রয়েছে।
সুত্রঃ জাগো নিউজ অনলাইন


No comments