মালয়েশিয়ার রাজা হঠাৎ খাবার দোকানে, প্রটোকল ভেঙ্গে অবাক করলে সবাইকে (বিস্তারিত)
মালয়েশিয়ার মহামহিম রাজা আল সুলতান আব্দুল্লাহ রিয়াতউদ্দিন আল মুস্তফা বিল্লাহ শাহ পাহাং প্রদেশের পেকান নামক স্থানের একটি রাস্তার পাশের খাবার দোকানে হঠাৎ উপস্থিত হলে সেখানে থাকা সবাই হতবাক হয়ে যান। গত কয়েকদিন ধরে তিনি সাধারণ মানুষের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, মানুষের সমস্যা, সুখ দুঃখ ভাগাভাগি করার চেষ্টা করছেন।
মহামহিম রাজা তার যাত্রা পথে প্রটোকল ভেঙ্গে স্থানীয় ভাবে পরিচিত তামিল রেস্টুরেন্টে (মামা কেডাই) রুটি খেতে বসে পড়েন। এসময় ইসলামীক ধর্মীয় কাউন্সিল, মালয় শুল্ক কাউন্সিল ও অন্যান্য সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিগন সাথে থাকলেও সবার কাছ থেকে আলাদা হয়ে মিশে গেছেন সাধারণ মানুষদের কাতারে।
তিনি তার নিজ এলাকায় শারিরীকভাবে অক্ষম ৩৯ জন স্থানীয় নাগরিককে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। ইসলামীক ধর্মীয় কাউন্সিল এবং পাহাং এর মালয় কাস্টম বিভাগ এই ডোনেশন কার্যক্রম পরিচালনা করে। এছাড়াও তিনি পাহাং এর আরেকটি এলাকায় নগদ অর্থ সহায়তা প্রদান সহ অসহায় পরিবারগুলোর বাসস্থান নির্মানের ব্যবস্থা করে দেন। পাহাং এর পেকান এলাকার জালান রমপিন লামায় নগদ অর্থ ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা দেন। মহামহিম রাজা নিজে সাধারণ নাগরিকদের পাশে গিয়ে সবার সাথে কুশল বিনিময় ও খোঁজ খবর নিয়েছেন।
গত ১৩ই জুন তিনি পাহাং এর কুয়ানতান এলাকার গ্রাম গুলোতে সাধারণ মানুষের বাড়ি বাড়ি হেঁটে বেড়িয়েছেন তিনি। বিভিন্ন আর্থিক সহায়তা, খাদ্য সহায়তা সহ বাচ্চাদের সাথে খেলাধুলায় মেতে উঠেন তিনি। সাধারণ জনগণ রাজাকে হঠাৎ কাছে পেয়ে হতবাক ও খুশিতে আত্মহারা হয়ে পড়েন। তার বিনয়ী আচরণ স্থানীয় নাগরিকদের মুগ্ধ করেছে।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ইসতানা নেগারার প্রকাশিত একটি টুইট বার্তায় এসব ছবি প্রকাশ পাওয়ার পর সারাদেশের সাধারণ জনগণ মহামহিম রাজার প্রশংসা ও গুনগান শুরু করেন। মহামহিম রাজার এই বিনয়ী আচরণ গুলো নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। সাধারণ জনগণ তাঁকে জনগণের আত্মা হিসেবে অভিহিত করেন।


No comments