১০ দিনের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
নতুন পাসপোর্ট নিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছেন মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের অনেকেই। নতুন পাসপোর্ট সংকটে পড়েছেন হাজারো আবেদনকারী। মাসের পর মাস কেটে গেলেও মিলছেনা কাঙ্ক্ষিত পাসপোর্ট। এতে করে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া ও নানা ধরনের জটিলতায় পড়ছেন প্রবাসীরা। এদিকে মালয়েশিয়া
সরকারের নতুন ঘোষণাকৃত প্রোগ্রাম রিক্যালিব্রেশন এর আওতায় নতুন পাসপোর্ট এর সংকটের কারণে বৈধ হওয়ার জন্য কাগজপত্র জমা দিতে গিয়ে বিপাকে পড়ছেন হাজারো বাংলাদেশি প্রবাসী। এই অবৈধ অভিবাসীদের বৈধ করার প্রোগ্রামটি চালু হওয়ার অপেক্ষায় দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করছিলেন প্রবাসীরা। কিন্তু পাসপোর্ট সমস্যার কারণে বৈধ হওয়ার আবেদন জমা দিতে পারছেন না বলে অভিযোগ দেয়া হচ্ছে বারবার।
এদিকে বাংলাদেশ দূতাবাস সুত্রে জানা গেছে, মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর আমপাং অফিসের সার্ভার ও টেকনিক্যাল ত্রুটির কারণে এই সঙ্কট আর বেশি হয়ে গিয়েছে।
অন্যদিকে, অগ্রাধিকার ভিত্তিতে ৭ থেকে ১০ কর্মদিবসের মধ্যে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানের লক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি দিয়েছেন মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক ও কমিউনিটি নেতা এম. রেজাউল করিম রেজা।
বাংলাদেশ সময় রোববার (২৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এম. রেজাউল করিম রেজার নেতৃত্বে মালয়েশিয়া আওয়ামীলীগের একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে সাক্ষাৎ করেন।
এম রেজাউল করিম রেজা প্রবাসীদের পক্ষে তাঁদের দাবিদাওয়া ও প্রত্যাশার কথা তুলে ধরে বলেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থে, রেমিট্যান্স বৃদ্ধির স্বার্থে, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির স্বার্থে তাদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ করেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পাসপোর্ট অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীকে ফোন আলাপের মাধ্যমে জানান মালয়েশিয়া সরকার অবৈধ প্রবাসীদের বৈধকরণের যে ‘রিক্যালিব্রেশন’ কর্মসূচির সুযোগ দিয়েছে তাতে অন্যতম পূর্বশর্ত হলো ন্যূনতম ১৮ মাসের মেয়াদ সম্বলিত পাসপোর্ট থাকতে হবে।
সেদিকে লক্ষ রেখে মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট প্রথম অগ্রাধিকারের ভিত্তিতে যেন তারা হাতে পায় এবং মালয়েশিয়া সরকারের দেয়া ‘রিক্যালিব্রেশন’ প্রোগ্রামের আওতায় প্রবাসী বাংলাদেশিরা যেন বৈধতার সুযোগ পায় সে ব্যাপারে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসকেও দ্রুত পাসপোর্ট সেবা প্রদানে বিভিন্ন নির্দেশনা দিতে বলা হয়।



No comments